দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বে প্রতিবছর ২ কোটি ৫ লাখের বেশি মানুষ কার্ডিওভাসকুলার রোগে মারা যান। তবে এসব রোগে অকাল মৃত্যুর প্রায় ৮০ শতাংশই প্রতিরোধযোগ্য বলে জানিয়েছে বিশ্ব হার্ট ফেডারেশন। তাই হৃদ্রোগের চিকিৎসার পাশাপাশি ঝুঁকির কারণ নিয়ন্ত্রণ, তামাকবিরোধী কার্যকর পদক্ষেপ, স্বাস্থ্যকর জীবনযাপন ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত গণমুখী সেমিনারে এ আহ্বান জানানো হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ‘প্রতিটি হৃদ্স্পন্দনই জীবন’ প্রতিপাদ্যে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা ও তামাক ব্যবহার হৃদ্রোগের গুরুত্বপূর্ণ ঝুঁকি। এসব ঝুঁকি কমাতে ব্যক্তি পর্যায়ের সচেতনতার পাশাপাশি কার্যকর জনস্বাস্থ্য নীতি ও শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হৃদ্রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা মানুষের কাছে আরও সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে। হৃদ্রোগের ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর জীবনযাপন ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, হৃদ্রোগ প্রতিরোধে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র সব পর্যায় থেকে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বর্তমান সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসক নিয়োগসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে স্বাস্থ্যসেবা আরও সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, হৃদ্রোগ প্রতিরোধে শুধু চিকিৎসাসেবার ওপর নির্ভর করলে হবে না। রোগের ঝুঁকির কারণগুলো নিয়ন্ত্রণে সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, তামাক ব্যবহার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক নিষ্ক্রিয়তা হৃদ্রোগের গুরুত্বপূর্ণ ঝুঁকি। এসব ঝুঁকি কমাতে জনসচেতনতার পাশাপাশি কার্যকর জনস্বাস্থ্য নীতি ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সরকার, চিকিৎসক, গবেষক, গণমাধ্যম, নাগরিক সমাজ ও সাধারণ মানুষকে হৃদ্রোগ প্রতিরোধে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবায় হৃদ্রোগের ঝুঁকি শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
স্বাগত বক্তব্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক বলেন, বিশ্বে প্রতিবছর ২ কোটি ৫ লাখের বেশি মানুষ কার্ডিওভাসকুলার রোগে মারা যান। বিশ্ব হার্ট ফেডারেশনের তথ্য অনুযায়ী, অকাল কার্ডিওভাসকুলার মৃত্যুর প্রায় ৮০ শতাংশ প্রতিরোধযোগ্য। তাই হৃদ্রোগ প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি ঝুঁকির কারণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধমূলক উদ্যোগকে অগ্রাধিকার দিতে হবে।
তিনি বলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন গবেষণা, জনসচেতনতা ও অ্যাডভোকেসির মাধ্যমে সারা বছর হৃদ্রোগ প্রতিরোধে কাজ করছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী।
তিনি বলেন, ‘হৃদ্রোগ প্রতিরোধ শুধু ব্যক্তিগত সচেতনতার ওপর নির্ভর করে না; এর জন্য কার্যকর জনস্বাস্থ্য নীতি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো প্রয়োজন।’
হৃদ্রোগের ঝুঁকি কমাতে তিনি তিনটি প্রস্তাব তুলে ধরেন। এগুলো হলো, তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬-এর বিধিমালা দ্রুত প্রণয়ন; প্রাথমিক স্বাস্থ্যসেবায় রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ; এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী লবণ গ্রহণ সীমিত করা।
তার মতে, এসব উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে দেশে হৃদ্রোগের ঝুঁকি কমানো সম্ভব।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, হৃদ্রোগ প্রতিরোধে শুরু থেকেই ঝুঁকির বিষয়গুলো চিহ্নিত করা জরুরি। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা ও তামাক ব্যবহারের মতো ঝুঁকি নিয়ন্ত্রণ করা গেলে হৃদ্রোগের প্রকোপ অনেকটাই কমানো সম্ভব।
তিনি স্বাস্থ্যশিক্ষা ও জনসচেতনতার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, হৃদ্রোগ প্রতিরোধে স্বাস্থ্য খাতের পাশাপাশি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তামাকমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ই-সিগারেটসহ নতুন ধরনের নিকোটিনজাত পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যুগ্ম-মহাসচিব নওশাদ হোসেন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিনা মূল্যে হৃদ্রোগ নির্ণয় ক্যাম্প, সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানীর বাইরে ফাউন্ডেশনের ৪৫টি অ্যাফিলিয়েটেড বডি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।
এর আগে ২৯ সেপ্টেম্বর দিবসটি উপলক্ষে রাজধানীর মিরপুরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সামনে গিয়ে শেষ হয়। এতে কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
বিশ্ব হার্ট ফেডারেশনের ২০২৬ সালের প্রচারণার মূল বার্তা ‘Every heartbeat matters’ বা ‘প্রতিটি হৃদ্স্পন্দনই গুরুত্বপূর্ণ’। একই সঙ্গে এবারের ‘Don’t Miss a Beat’ প্রচারণায় হৃদ্রোগের লক্ষণ উপেক্ষা না করে সচেতন হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এমএম/